রেলপথ উপদেষ্টার সম্মতি ও যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও জয়দেবপুর জংশন স্টেশনে যাত্রী সুবিধা নিশ্চিত না করায় গাজীপুরের সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছেই। সম্ভাবনা থাকা সত্ত্বেও রেলের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের গাফিলতি এবং অসহযোগিতার কারণে রেলের যাবতীয় সুবিধা থেকে গাজীপুরের লাখ লাখ যাত্রী বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, শিল্পসমৃদ্ধ ও শ্রমিক অধ্যুষিত গাজীপুর মহানগরীতে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর রেলস্টেশন থেকে প্রায় ১ লাখ যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করে থাকে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন থেকে আন্দোলনের ফলস্বরূপ রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত বছর ১৫ ডিসেম্বর সকালে জয়দেবপুর রেলস্টেশন থেকে গাজীপুরবাসীর জন্য গাজীপুর-ঢাকা চার জোড়া ট্রেন উদ্বোধন করেন। উদ্বোধনের প্রাক্কালে রেলস্টেশন বিশ্রামাগারে এক সংক্ষিপ্ত আলোচনায় জয়দেবপুর স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতিসহ গাজীপুরবাসীর উত্থাপিত অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য উপদেষ্টা সম্মতি দেন। ওই আলোচনায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসকসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রুটে চলাচলকারী যাত্রীদের অভিযোগ, গত দুই মাসেরও অধিক সময়ে মাসিক টিকিট দেওয়া হলেও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। যাত্রী চাহিদা অনুযায়ী সময় নির্ধারণ না করার ফলে উদ্বোধনকৃত ট্রেন দুটিও যাত্রীদের আশানুরূপ উপকারে আসছে না। যাত্রীদের পক্ষ থেকে যাত্রী সুবিধা বিবেচনা করে উদ্বোধনকৃত ট্রেন দুটির সময়সূচি তৈরি করে জমা দেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ ও আলোচনা করা হলেও সময়সূচিসহ অন্যান্য দাবিগুলোর এখনো পর্যন্ত কোনো সমাধান করা হয়নি।