এমআইএসটিতে ইনভেনশিয়াস ৪.১-এর সমাপনী অনুষ্ঠান

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে এমআইএসটি ইনোভেশন ক্লাব (এমআইসি) আয়োজিত জাতীয় প্রযুক্তি উৎসব ‘ইনভেনশিয়াস ৪.১’ সফলভাবে  শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে প্রযুক্তিগত উৎকর্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। তিনি জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া এমআইএসটির শিক্ষার্থী শহীদ ইয়ামিন এবং শহীদ রাকিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তরুণদের প্রতি তাদের আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, উদ্ভাবন ও নেতৃত্বই একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এবং প্রকৃত সাফল্য নির্ভর করে নতুন কিছু আবিষ্কার ও পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতার ওপর।

উৎসবে চারটি প্রধান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় : হ্যাকাথন, লিড দ্য ফিউচার, ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতা এবং প্রকল্প প্রদর্শনী। হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয় ‘আইইউটি’ আর রানারআপ হয় ‘বিএআইইউএসটি’। লিড দ্য ফিউচার প্রতিযোগিতায় ‘এনএসইউ’ চ্যাম্পিয়ন এবং ‘এমআইএসটি’ রানারআপ হয়। ইউজার ইন্টারফেস ডিজাইন প্রতিযোগিতায় ‘মো. রোহান, ইউআইইউ’ শীর্ষস্থান অধিকার করেন। ‘নুফসাত ফারুকী, আইইউটি’ রানারআপ হন। প্রকল্প প্রদর্শনীতে ‘আইইউটি’ চ্যাম্পিয়ন এবং ‘এমআইএসটি’ রানারআপ হয়। আইএসপিআর