পারদেসের সঙ্গে তিন মাস কথা বলেননি মেসি!

মাঠ ও মাঠের বাইরে লিওনেল মেসি একজন নিপাট ভদ্রলোক। সতীর্থদের সঙ্গে তার সম্পর্কও বেশ উষ্ণ। জাতীয় দল বা ক্লাবে মেসির সব সতীর্থই নানা সময় তার প্রশংসা করে থাকেন। সেই মেসিই নাকি তার জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে তিন মাস কথা বলেননি! এতদিন পর সেই খবর প্রকাশ্যে আনলেন পারদেস স্বয়ং।

ঘটনাটি ২০২১ সালের। মেসি তখন বার্সেলোনায় এবং পারেদেস খেলতেন পিএসজির হয়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে বার্সাকে ৪-১ গোলে হারায় পিএসজি। এরপর দ্বিতীয় লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচ ঘিরে পারেদেসের একটি মন্তব্য মেসির কানে চলে আসে। মেসি তার ওপর ভীষণ চটে যান এবং তিন মাসের মতো কথা বলা বন্ধ করে দেন।

পারেদেসের ভাষায়, ‘আমরা সে সময় কথা না বলে তিন মাস কাটিয়েছিলাম। সেটি খুবই বাজে সময় ছিল। আমি পরের দিনই তাকে মেসেজ পাঠাই। কোনো উত্তর আসেনি। দুই সপ্তাহ পর আবারও মেসেজ পাঠিয়ে জানাই যে, “এই মন্তব্যটি তোমাকে নিয়ে ছিল না। বিষয়টি মোটেই আঘাত করার জন্য ছিল না।” সে এবারও কোনো উত্তর দেয়নি। তিন মাস আমার মেসেজের কোনো উত্তর দেয়নি মেসি!’

এই ঘটনার পর মেসির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার গল্পটাও শুনিয়েছেন পারেদেস, ‘এরপর কোপা আমেরিকার আগে জুন মাসে প্রস্তুতির জন্য আমরা একত্রিত হই। ক্যাম্পে পৌঁছে আমি ভাবছিলাম- “এখন আমাকে দেখতে হবে, সে কেমন প্রতিক্রিয়া দেখায়।” এরপর সকালে ব্রাশ করার সময় তার সঙ্গে দেখা হয়। সে আমার দিকে পানির বোতল ছুড়ে দিয়ে বলে, “এত সকালে তুমি কী করছ?” ব্যাস, এটুকুই। এরপর থেকে আমাদের এখনো খুবই ভালো সম্পর্ক।’