আর কিছুক্ষণ পরেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ের প্রথাগত উইকেটে স্পিনাররাই রাজত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে। তাই ফাইনালে নিউজিল্যান্ডের দুশ্চিন্তার অনেকটা জায়গা জুড়েই থাকবেন ভারতীয় দলের নবীন ক্রিকেটার বরুণ চক্রবর্তী। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার এমনটাই জানিয়েছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, ‘নিঃসন্দেহে সে বিশ্বমানের বোলার। এখানে এবং আইপিএলে তার রহস্যের কিছুটা দেখেছি। তবে এই আসরে আমাদের কয়েকজনের প্রথমবার তার মুখোমুখি হয়েছে। আমি মনে করি, ওই ম্যাচ থেকে তারা শিক্ষা নিয়ে ফাইনালে বরুণের বিপক্ষে ছেলেরা ভালো করবে। যদি উইকেট (আগের ম্যাচের মতো) একইরকম আচরণ করে, তাহলে তাদের অন্য তিন স্পিনারকে সামলানোও চ্যালেঞ্জিং হবে।’
ভারতের এই স্কোয়াডে আছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজার মতো স্পিনার। তবে ৩ ম্যাচে ৮ উইকেট নেওয়া বরুণকেই সবচেয়ে হুমকি মনে করছেন স্যান্টনার। গ্রুপ পর্বে বরুণের বলে আউট হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেই ১১৫ কিলোমিটার গতির আর্ম বলটি, যে বলে আমি আউট হয়েছিলাম। হ্যাঁ, আমরা জানি, তাকে সামলানো চ্যালেঞ্জিং। আমরা জানি, সে কতটা হুমকি হয়ে উঠতে পারে।’