অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ক্রীড়া স্থাপনাগুলোর নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার নতুন নাম পেল রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্স। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্ত অনুযায়ী, ‘সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’।
মাত্র সাড়ে ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যু গোটা দেশকে কাঁদিয়েছিল। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকা অবস্থায় মাথায় গুলি লাগে ছোট্ট রিয়ার। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে যায় সে। সেই শিশুর স্মরণেই মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে।
এর আগে জাতীয় ক্রীড়াঙ্গনের আরও কয়েকটি স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। কয়েক সপ্তাহ আগেই দেশের প্রধান ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় স্টেডিয়াম’। একইভাবে স্টেডিয়ামের সামনের রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে, যেখানে আগে শেখ রাসেলের নাম ছিল। রমনার টেনিস কমপ্লেক্সও ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ নামে পুনর্নামকরণ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে শেখ জামালের নাম।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামালের পরিবর্তে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’। ক্রীড়াঙ্গনের উপজেলা ও জেলা পর্যায়ের বেশ কিছু স্থাপনার নামও ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নাম পরিবর্তনের বিষয়ে অবহিত করেছেন।