‘আ. লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে’

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগে সকলের ঐক্যমতের প্রতি গুরুত্ব দিচ্ছে এবি পার্টি। আমরা চাই নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে জাতি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন আমরা বিভেদ আর বিভাজনের রাজনীতি দেখেছি, আর নয়। বিভেদ বিভাজন ভুলে এখন আমাদের ঐক্যবদ্ধ ভাবে দেশ পুনর্গঠনে অংশ নিতে হবে।

আজ রবিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন "রাইট টু ফ্রিডম"র সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

'রাইট টু ফ্রিডম'র প্রেসিডেন্ট ও ১৯৯০–এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোউইচ রবিবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় তাদের স্বাগত জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।

মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রতিনিধিদলকে আমরা বলেছি ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যেটাতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা গণঅভ্যুত্থানসহ অন্যান্য বিষয়ে যেভাবে পজিটিভ ভূমিকা রেখেছে আগামীতেও সেভাবে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভুমিকা যেন অব্যাহত রাখে।

সংবাদ সম্মেলনে মাগুরায় শিশু নির্যাতনের বিষয় নিয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, শুধু নারী নিরাপত্তার বিষয় নয় নাগরিক নিরপাত্তাকে আমাদের মূল আলোচনায় আনতে হবে। তিনি অবিলম্বে নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারাহ নাজ সাত্তার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সদস্য হাজরা মাহজাবিন।