‘চ্যাম্পিয়নস ট্রফি জেতাটা বিশাল’

৪৯তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজা চার মারতেই নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা। গতকাল দুবাইতে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত।

ফাইনাল শেষে মাঠেই নিজেদের উচ্ছ্বাসের কথা বলেছেন ভারতীয় ক্রিকেটাররা। ফাইনালে ব্যর্থ হন বিরাট কোহলি। করেন মাত্র এক রান। চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বটা কোহলি দিলেন দলের তরুণ ক্রিকেটারদের। কোহলি বলেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সিরিজের পর আমরা ফেরার লক্ষ্যে ছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে ভালো লাগছে। তরুণরা ভারতীয় ক্রিকেট দলকে সঠিক দিকে নিয়ে যাচ্ছেন। ট্রফি জিততে গেলে গোটা দলকে আলাদা আলাদা ম্যাচে এগিয়ে এসে খেলতে হবে। দলের খেলোয়াড়রা সবাই ভালো ইনিংস খেলেছে, দলগত চেষ্টাতেই আসে সাফল্য। আমি সব তরুণ প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি, আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, বলেছি কীভাবে খেলতে হবে।’

কোহলি এরপর যা বলেছেন তাতে অবসরের ইঙ্গিত দিলেন কি না, সেটি সময়ই বলে দেবে। ‘যখন কেউ ক্রিকেট ছাড়তে চায়, তখন চাইবে ভালো জায়গায় দলকে রেখে ছাড়তে। আমি মনে করি যারা দলে আছে তারা পরবর্তী আট বছর ক্রিকেট শাসনের জন্য তৈরি। শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল সবাই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। দল এখন ভালো জায়গায় আছে।’

ম্যাচ জেতার পর জাদেজা বলেন, ‘আমার ক্ষেত্রে এমনই হয় হয় হিরো হয়ে যাব, নয়তো জিরো। উইকেটটা সহজ ছিল না। হার্দিক ও লোকেশ দারুণ খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফি জেতাটা বিশাল ব্যাপার। এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলে কিছু জিততে না পারলে খারাপ লাগে। আমি ভাগ্যবান যে পরপর দুটি আইসিসি টুর্নামেন্ট জিততে পেরেছি।’ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ডের বিপক্ষেই গ্রুপপর্বে পাঁচ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ফাইনালে পেয়েছেন দুই উইকেট। বরুণ বলেন, ‘হুট করেই একাদশে ঢুকে গিয়েছিলাম। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’ ফাইনালে ভারত খেলেছে চার স্পিনার নিয়ে। এটা যে সহজ ছিল না, সেটাই মনে করিয়ে দিয়েছেন কুলদিপ, ‘এই জয়টা আমাদের সমর্থকদের জন্য। চারটা স্পিনার খেলেছে, এটা শুনতে ভালো লাগে, তবে মাঠে চার স্পিনারকে ম্যানেজ করার কাজটা খুব কঠিন।’

এদিকে নিউজিল্যান্ড অধিনায়কের আক্ষেপ রান কম হওয়ায়। ম্যাচ হারের পর মিচেল স্যান্টনার বলেন, ভালো টুর্নামেন্ট ছিল। আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। ভালো দলের কাছে হেরেছি। তাদের স্পিনাররা যেভাবে বল করেছে, চারজনই বিশ্বমানের। আমরা ২৫ রান কম করেছিলাম। তবে আমাদের যে রান ছিল, লড়াই করার চেষ্টা করেছি।’