রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকার কর্তৃক শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক। এতে মন্ত্রিপরিষদসচিব, আইনও বিচার সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনের বরাতে ব্যারিস্টার ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রবর্তণের শুরতে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান ছিল। পরে এই বিধান বাতিল করা হয়। আবেদনে এই বিধান পুনর্বহাল চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে প্রেসিডেন্টকে শপথ পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। কিন্তু আমাদের দেশে এটি ব্যত্যয় দেখা যায়। এটা পৃথিবীব্যাপী সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত ও সীকৃত রেওয়াজ। আইনজীবী জানান, চলতি সপ্তাহে কার্যতালিকায় আসলে সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।