কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা। সোমবার (১০ মার্চ) বেলা আড়াইটা থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পশ্চিম চন্দরা এলাকার চন্দ্রা স্পিনিং মিলের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন দাবীতে এ দিন সকালে কর্মবিরতি করেন। প্রথমে তারা ওই কারখানার ভিতরে কর্মবিরতি পালন করলেও কোনো সাড়া দেয়নি মালিক পক্ষ। দুপুর ২টার দিকে ওই কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে পাশের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। এতে যানচলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।  

বিক্ষুব্দ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ না করায় আমরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছিলাম।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখে। সেনাবাহিনীর হস্তক্ষেপ শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।