৬ মিনিটে ১ মিলিয়ন; ইতিহাস গড়ল ‌হার্দিকের সেই ছবি

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিহাস গড়ে ফেললেন হার্দিক পান্ডিয়া। তিনি ট্রফি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর খাবি লামের মতো পোজে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এত দ্রুত ছবিটা ছড়িয়েছে, যা অনেকের ধারণারও বাইরে।

গত ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। ম্যাচ শেষে দুবাইয়ের পিচের ওপর ট্রফি রেখে কনটেন্ট ক্রিয়েটর খাবি লামের মতো করে পোজ দিয়ে ছবি তোলেন হার্দিক। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করতেই মাত্র ৬ মিনিটের মধ্যে ১ মিলিয়নের বেশি রিঅ্যাকশন পড়ে। এখন পর্যন্ত পোস্টটিতে ১ কোটি ৬০ লাখের বেশি রিঅ্যাকশন দেখা গেছে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান ছিল হার্দিকের। এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও তিনি দলের প্রয়োজন মিটিয়েছেন। লোয়ার মিডল অর্ডারে নেমে ২৪.৭৫ গড় এবং ১০৬.৪৫ স্ট্রাইকরেটে করছেন ৯৯ রান। মোহাম্মদ শামির সঙ্গে নতুন বলে বোলিং করে ৩৫.৭৫ গড়ে নিয়েছেন ৪ উইকেট। হার্দিকের লক্ষ্য এখন আগামী দুই বছরে অনুষ্ঠিতব্য দুটি বিশ্বকাপের দিকে।