মাগুরার শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

মাগুরায় নির্যাতিত শিশুটি মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, মাগুরায় নির্যাতিত শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেছে। চিকিৎসকরা দুপুর ১টায় শিশুটিকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস উইং আরও জানায়, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্যও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।