জাল-জালিয়াতির মাধ্যমে এগ্রো ইনডেক্স লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংকের ৩৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা সালমান এফ রহমান ও তার ছেলেসহ ১১ জনের বিরুদ্ধে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংকের ১১৩ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ৯৬ টাকা আত্মসাতের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার এসব মামলা দায়ের করা হয় বলে জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
শেখ হেলাল ও তার স্ত্রীর নামে মামলা: এজাহারে বলা হয়, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। এ ছাড়া ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নিজ নামের সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।