ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শহিদুল্লাহসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি দুই পুলিশ কর্মকর্তা হলেন- বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক এসপি মোহাম্মদ আসাদুজ্জামান। এই তিন কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তিনটি আলাদা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গত ১১ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি তিনটি প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ওএসডি হিসেবে অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে ৯ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করেন। শহিদুল্লাহকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।