সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ১৪ বছরের এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গত রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার একটি নির্জন বাড়ির বসত ঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে। 

নির্যাতিত শিশুটির মা ও নানী জানান, উপজেলায় এনজিও পরিচালিত আঁচল নামের একটি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। কেন্দ্রটি পরিচালনা করেন অভিযুক্ত কিশোরের মা। সেখানে শিশুদের প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষা প্রদান করা হয়। গত রবিবার (৯ মার্চ) সকালে ছোট দুই ভাইকে সেখানে পৌঁছে দিতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় শিশুটিকে তার নির্জন বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়ির অন্য লোকজন শিশুটির মাথায় পানি ঢেলে একটু সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়ে ও ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়। 

ধর্ষকের পরিবার ও স্থানীয়রা বিচার দেওয়ার কথা বলে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। পরের দিন শিশুটির অবস্থা আরও বেশি খারাপ হলে স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যায়। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বুধবার (১২ মার্চ) রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। শিশুটি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও মানসিকভাবে সুস্থ নয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুমান জানান, ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।