রেফারিই ভিএআরকে জানান আলভারেজের ডাবল টাচের কথা

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে হুলিয়ান আলভারেজের ডাবল টাচ স্পট কিক নিয়ে মুখ খুলেছেন রেফারি সিমন মার্চিনিয়াক। অভিজ্ঞ এই পোলিশ রেফারি বলেছেন, তিনি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলেন, বলে দুইবার স্পর্শ করেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

টাইব্রেকারে আতলেতিকোর দ্বিতীয় কিক নেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার আলভারেজ। পা পিছলে গেলে তার এক পা বল স্পর্শ করে। নিয়ন্ত্রণ হারালেও আরেক পায়ের নিখুঁত শটে তিনি খুঁজে নেন জাল। শুরুতে গোল দিলেও পরে দুবার স্পর্শের কথা জানিয়ে গোল বাতিল করেন রেফারি।

মার্চিনিয়াক বলেন, 'আমিই সেই ব‍্যক্তি যে ভিএআরকে জানিয়েছিলাম যে, ৯৯ শতাংশ সম্ভাবনা আছে আলভারেজ বল দুইবার স্পর্শ করেছে। আর তারা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে।'

২০২২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা মার্চিনিয়াকের ক‍্যারিয়ারে এমন ঘটনা প্রথম ঘটল।

পোলিশ এই রেফারি আরও বলেন, 'সত‍্যি বলতে, আমার রেফারিং ক‍্যারিয়ারে এমন পরিস্থিতিতে এর আগে পড়িনি। খেলোয়াড়রা জানে এই নিয়ম।'