প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে এক প্রতিবন্ধী তরুণীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনায় অভিযুক্ত খোকন কবিরাজ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃত খোকন কবিরাজ মুলাদী উপজেলার চরডিক্রী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মাদ কবিরাজের ছেলে।  

শুক্রবার ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ভুক্তভোগীর মা-বাবা আত্মীয়ের মৃত্যুর কারণে বাড়ির বাইরে গেলে তরুণী একা ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত খোকন দা হাতে নিয়ে ঘরে ঢুকে তরুণীকে গলাকেটে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।  

ভুক্তভোগীর মা মুলাদী থানায় মামলা করলে বিকেলেই মুলাদী পৌরসভার চরডিক্রী কালাপাহাড় এলাকা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।  

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খোকন ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।