ঈদ বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়ে ওই পথে চলাচলকারী মানুষ।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, তেলিপাড়া এলাকায় স্মাগ সোয়েটার লিমিটেড কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে শতকরা ২৫ ভাগ হিসাবে। কিন্তু তারা শতকরা ৫০ ভাগ হিসাবে বোনাস দাবি করে আসছিলেন। কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় গতকাল সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে দুপুর ১২টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ওভার টাইমের টাকা পরিশোধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, নাইট বিল ১৯০ টাকা, টিফিন বিল, বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা, ডিনার বিল ১০০ টাকা, ঈদ বোনাস ফুল বেসিক, সার্ভিস বেনিফিটের টাকা, সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতন প্রদান, বিনা কারণে যখন-তখন শ্রমিক ছাঁটাই বন্ধ, ২৫ ভাগ উৎপাদন (প্রোডাকশন) বোনাস, কাজের সঠিক রেট (মূল্য) নির্ধারণ, মহাব্যবস্থাপক (জিএম) এবং উৎপাদন ব্যবস্থাপকের (পিএম) পদত্যাগসহ ১৪ দফা দাবি কারখানা কর্তৃপক্ষ না মানায় তারা আন্দোলনে নেমেছেন।