কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক বেন স্টোকসের মস্তিষ্কপ্রসুত ‘বাজবল’ ঘরানার টেস্ট ক্রিকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তবু বাজবল কৌশল থেকে সরে আসেনি ইংল্যান্ড। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য অ্যাশেজে ‘বাজবল’ কৌশলে ইংল্যান্ড সুবিধা করতে পারবে না বলে মনে করছেন সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
২০২২ সাল থেকে স্টোকস-ম্যাককালামের হাত ধরে নতুন ঘরানার টেস্ট খেলা শুরু করে ইংল্যান্ড। ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ অবলম্বনে ইংলিশদের এই কৌশল পরিচিতি পেয়ে যায় ‘বাজবল’ নামে। টেস্ট ক্রিকেটেও মারমুখী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই কৌশল দিয়ে গত কয়েক বছরে দারুণ সব সাফল্য পেয়েছে ইংল্যান্ড। তবে ঘরের মাঠে অ্যাশেজ জিততে পারেনি।
অ্যাশেজ পুনরুদ্ধারের মিশনের বেশ কয়েকমাস আগেই তাই ইংলিশদের সতর্ক করলেন ওয়ার্নার। সাবেক এই মারকুটে ওপেনার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি না, বাজবল মিথ কিনা। তবে অস্ট্রেলিয়ায় বাউন্স ও অন্য সবকিছু বিবেচনায় এবং ইংল্যান্ডে তারা গতবার যে ফিল্ডিং সাজিয়েছিল, তাতে বাজবল কাজে আসবে বলে মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ায় এমন ঘরানার ক্রিকেট খেলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে।’
আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। ১১২ টেস্ট খেলে ৮ হাজার ৭৮৬ রান করা ওয়ার্নার আরও বলেন, ‘এই মুহূর্তে অস্ট্রেলীয়রাই ফেভারিট। শুধু কন্ডিশন জানার কারণে নয়, তাদের বোলিং বিভাগে ১ হাজার ৪০০ আন্তর্জাতিক বা টেস্ট উইকেট আছে। তারা বিশ্বমানের বোলার, সবসময়ই ঘুরে দাঁড়াবে এবং এটাই ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধা।’