সাভারে প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ৩

সাভারে মনসুর আলম নামে এক দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার সাভার থানার নামাগেন্ডা এলাকার মেজবাউদ্দিন মন্টুর ছেলে মারুফ হোসেন (৩৪), তার ভাই আরিফ হোসেন (২৮) এবং স্ত্রী লাভলী আক্তার (২৯)। অপহৃত মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে। তিনি গাজিপুর জেলার কোনাবাড়ী এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।

পুলিশ জানায়, একই কফিলের অধীনে কাজ করার সুবাদে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) প্রবাসী মনসুর আলমের সঙ্গে পরিচয় হয় লাভলী আক্তারের। গত ৯ মাস আগে লাভলী তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন। গত ২৬ জানুয়ারি মনসুর দেশে ফিরলে লাভলী আক্তারের কাছে তার পাওনা টাকার জন্য যোগাযোগ করেন। পরে গত ১২ মার্চ পাওনা টাকা নেওয়ার জন্য মনসুর সাভারের ব্যাংক টাউন এলাকায় আসলে মারুফ হোসেন, আরিফ হোসেন তাকে জোরপূর্বক মোটরসাইকেলে নামা গেন্ডা মহল্লার একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে মনসুরে সাথে থাকা নগদ ৭২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তার মুখে আলু ঢুকিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে তার পরিবারের সদস্যদের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি কাউকে জানালে মনসুরকে মেরে ফেলারও হুমকি দেয় অপহরনকারীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, প্রবাসী মনসুরকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পৌর এলাকার নামাগেন্ডা মহল্লা থেকে অপহৃত ব্যাক্তিকে উদ্ধারসহ তিন অপহরনকারী গ্রেপ্তার করা হয়েছে।