ন্যূনতম মজুরি ১৮ হাজার ১ টাকা নির্ধারণসহ পাঁচটি গ্রেডে সরকার ঘোষিত মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ট্যানারি শ্রমিকরা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
অবিলম্বে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি।
নানা টালবাহানায় শুধু সময়ক্ষেপণ করছে মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।
এদিকে কর্মবিরতি চলায় গতকাল সকাল থেকে চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল।