অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার সিরিজ খোয়ানোর পর ক্রিকেটারদের ওপর কঠোর হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কোচ গৌতম গম্ভীরের প্রেসক্রিপশনে বোর্ড কিছু নিয়ম বেঁধে দেয়, যার অন্যতম হলো পরিবার নিয়ে বিদেশ ভ্রমণে নিয়ন্ত্রণ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বললেন, সব ক্রিকেটারই চায় পরিবারকে পাশে রাখতে।
বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, ৪৫ দিনের বেশি বিদেশ সফরে প্রথম দুই সপ্তাহের পর ক্রিকেটারদের স্ত্রী-পরিবার-সন্তান কিংবা বান্ধবীরা তাদের সঙ্গে থাকতে পারবে। কিন্তু ১৪ দিনের বেশি ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে না। এছাড়া ছোটখাট কোনো সফরে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত ক্রিকেটাররা পরিবার সঙ্গে রাখতে পারবে। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতেও এমনটাই দেখা গেছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিরাট কোহলি বলেছেন, ‘আপনি যদি কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করেন, সে তার পরিবারকে সবসময় পাশে পেতে চায় কিনা? তাহলে সে অবশ্যই বলবে- “হ্যাঁ। আমি আমার ঘরে একা বসে থাকতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই।” এর বাইরে খেলাটিকে আপনি অবশ্যই আপনার দায়িত্ব হিসেবেই বিবেচনা করবেন। সেই দায়িত্ব শেষ করে আপনি নিজের জীবনে ফিরে আসুন।’
কোহলি আরও বলেন, ‘আপনার জীবনে নানারকম পরিস্থিতি আসতে পারে। এটি (পরিবারের সঙ্গে থাকা) আপনাকে স্বাভাবিক থাকতে দেয়। আপনি নিজের দায়িত্ব শেষ করে যখন বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে থাকেন, তখন একেবারে স্বাভাবিক পারিবারিক জীবন চলে। তাই সেই দিনটা আমার জন্য অপরিসীম আনন্দের। বাইরে গেলেও আমি কখনই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করব না।’