হবিগঞ্জে মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও মানবন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ১১টায় মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ছাত্র-জনতা সমাবেত হয় এ কর্মসূচিতে।

সংগঠনের আহবায়ক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও সদস্য সচিব সামসুল হুদার নেতৃত্বে অবরোধ চলাকালে মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য সেবা। অথচ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান খসরু শিক্ষক সংকট ও মানহীন মেডিকেল কলেজের কালিমা দিয়ে মেডিকেল কলেজটি বন্ধের চক্রান্ত করছেন।

তার এমন কর্মকাণ্ড থেকে সরে না আসলে আগামীতে মহাসড়কের পাশাপাশি রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।

দুপুর ১টায় এ প্রতিবেদন লেখার সময় মহাসড়ক অবরোধ কর্মসূচি চলাকালে সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মহাসড়কের উভয়পাশে শতশত যাত্রী ও যানবাহন আটকা পড়েছে।