দেশের শীর্ষ খাদ্য উৎপাদনকারী জেলা দিনাজপুরে পবিত্র রমজান মাসে বেড়েছে খুচরা ও পাইকারি বাজারে চালের দাম। আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে একটি মিল ও তিনটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা খাদ্য বিভাগ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রবিবার বেলা ১১টা দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি চালের বাজার বাহাদুর বাজারের এনএ মার্কেট ও পুলহাট এলাকায় অবস্থিত জিয়া অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা গেছে, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাহাদুর বাজারস্থ পাইকারি চালের বাজার এনএ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় চালের অতিরিক্ত দাম ও লাইসেন্স না থাকায় লিয়াকত ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, সাকিব ট্রেডার্সকে দুই হাজার এবং মেসার্স সুফী রাইস এজেন্সিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে দিনাজপুরের পুলহাট এলাকায় জিয়া অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে বস্তার গায়ে ধানের জাতের নাম ও মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বলেন, জেলা খাদ্য বিভাগ ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বাহাদুর বাজারে চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলহাটে জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে বস্তার গায়ে ধানের জাতের নাম ও মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।