দুই চোখের আলো হারানো সেই মাহবুব আলমের পাশে মানবিক ডিসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের আলো হারানো নারায়ণগঞ্জ জেলার সেই মাহবুব আলমের পাশে দাঁড়িয়েছেন সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত জাহিদুল ইসলাম মিঞা।

আজ রবিবার তিনি তার কার্যালয়ে ডেকে আহত জুলাই বীরকে আর্থিক সহয়তার চেক হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আপনাদের মতো হাজার হাজার জুলাই বীরদের আত্মত্যাগের কারণেই আজকের নতুন বাংলাদেশ এবং আমি এই দায়িত্বে আসতে পেরেছি।

জুলাই বিপ্লবের সবার আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধদের মতো যারা জীবন দিয়েছেন। আপনাদের মতো যারা সারাজীবনের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হারাতে বসেছেন তাদের।

জেলা প্রশাসক এ সময় আবেগী কণ্ঠে বলেন, আপনাদের ঋণ শুধু রাষ্ট্র কেন, কারও পক্ষেই শোধ করা সম্ভব না। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চটাই করা হবে জুলাই বিপ্লবের সকল শহীদ এবং আহতদের জন্য।

এ সময় আহত জুলাই বীর মাহাবুব আক্ষেপ করে বলেন, জুলাই আন্দোলনে আমার সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেছে। আমি অন্ধ হয়ে যাওয়ায় আমার স্ত্রীও আমাকে ফেলে চলে গেছে। আমি এখন পরিবারের অনেকটা বোঝা হয়ে বেঁচে আছি। জেলা প্রশাসক আজ যেভাবে আমাকে এবং আমার পরিবারকে সম্মান জানালেন সেটা দেখে এত কিছু হারিয়েও নিজকে গর্বিত মনে হচ্ছে।

গত বছরের ১৮ জুলাই বেলা ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার ও গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় ও গুলি ছোঁড়ে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফারাহানা মানিক মুনা বলেন, এ সময় পুলিশ আরও মারমুখী হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেদিন পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন মাহবুব।