অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে দারুণ এক সুযোগ হিসেবে দেখছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড়ের জন্য এটি দারুণ সুযোগ। অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া এক অনন্য অনুভূতি হবে।’
ভারতের সাবেক অধিনায়ক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কোহলি নিজে কি এই মঞ্চে খেলতে চান? হেসে জবাব দিলেন, ‘না, তবে যদি স্বর্ণপদকের জন্য খেলতে হয়, তাহলে হয়তো একটি ম্যাচ খেলে পদক নিয়ে দেশে ফিরতে পারি!’
তিনি আরও বলেন, ‘আইপিএলসহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগ ক্রিকেটকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। এটি সত্যিই দারুণ এক সুযোগ এবং আমি নিশ্চিত, আমরা সেই পদকের খুব কাছাকাছি থাকব।’
টি-টোয়েন্টি নিয়ে হালকা মেজাজে কথা বললেও, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ হারের বিষয়ে একেবারে সিরিয়াস বিরাট কোহলি। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পরাজয় ভারতের জন্য কঠিন ছিল বলে স্বীকার করেছেন তিনি।
আরসিবি ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কোহলি বলেন, ‘এটাই সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে তীব্র হতাশার মুহূর্ত। এর আগে ২০১৪ সালে ইংল্যান্ড সফরের পর এমন অনুভূতি হয়েছিল।’
প্রথম টেস্টেই শতরান করে আত্মবিশ্বাসী হয়ে উঠলেও পরের চার ম্যাচে মাত্র ৮৫ রান করতে পেরেছিলেন তিনি। কোহলি বলেন, ‘প্রথম ম্যাচের পর ভেবেছিলাম, বড় কিছু আসছে। কিন্তু তা হলো না। জীবনেও সবসময় ইচ্ছে মতো হয় না।’
তবে হার ও ব্যর্থতা নিয়ে খুব বেশি হতাশ নন কোহলি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এখন পরিবারের সঙ্গে সময় কাটাবো, মাথা ঠাণ্ডা করবো। তারপর দেখবো, সামনে কী করা যায়।’