শেফিল্ড ডার্বিতে জয় পেয়েছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপে (ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগ) শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে শেফিল্ড ওয়েডনেসডে কে। দলকে ম্যাচ জিতিয়েই বাংলাদেশের বিমান ধরেন হামজা। আজ সকালে এসে পৌঁছাবেন সিলেটে। তার আগে হিলসবরোতে সতীর্থদের সঙ্গে মেতেছেন উৎসবে। হামজা চৌধুরী লেস্টার সিটি থেকে এই মৌসুমে ধারে খেলতে গেছেন শেফিল্ডে।
গেল ১৯ বছরে এই প্রথমবার ডার্বিতে শেফিল্ড ই্উনাইটেড দুই দেখাতেই পেল জয়। গতকাল রবিবার ম্যাচের ৬৪ মিনিটে শেফিল্ড ইউনাইটেডের হয়ে গোল করেন রিয়ান। তার ওই গোলে ব্যবধান ধরে রেখে জয় পায় শেফিল্ড। এবার প্রথম দেখাতেও একই ব্যবধানে ওয়েডনেসডেকে হারিয়েছিল শেফিল্ড।
এই জয়ের ফলে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে ৩৮ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট হলো ৮০। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে প্রতি মৌসুমে খেলে মোট ২৪টি করে দল। অর্থাৎ মৌসুমে লিগে ৪৬টি করে ম্যাচ। শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যায়। ৩ থেকে ৬ নম্বরে থাকা চার দল প্লে-অফ খেলে, সেখান থেকে সুযোগ পায় আরও একটি দল।