সাভারে হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানের সহযোগী গ্রেপ্তার

সাভারে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সাভার উপজলা চেয়্যারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্য বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দীন। এর আগে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মামুন (৩৫) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সিনিয়র সহসভাপতি ছিলেন। এ ছাড়া সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী পরিচয়ে হলমার্কের জমি দখলসহ স্থাপনা ও মেশিনপত্র রাতের আঁধারে লুট করে বিক্রিসহ এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. জালাল উদ্দীন বলেন, জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্র-জনতার হামলা চালিয়ে হত্যার মামলাসহ গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে সাভারের হেমায়েতপুর ভরারি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজি, অবৈধভাবে জমি দখলসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।