বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায় ইরান

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি। আজ রবিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের বাণিজ্যের পরিমাণ সক্ষমতার চেয়ে কম। উভয় দেশেরই প্রচুর রপ্তানি সম্ভাবনা রয়েছে।

বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দু’দেশেকেই লাভবান করবে উল্লেখ করে এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ফার্মিং খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানান।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরান বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষার মিল দু’দেশের মানুষকে শক্ত বন্ধনে আবদ্ধ করলেও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনেও শক্ত ভিত পায়নি। ইরান এখন বাংলাদেশের সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং ইরান দূতাবাসের  সেক্রেটারি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স মাহমুদ খোশরাভি উপস্থিত ছিলেন।