পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন ছিল গতকাল সোমবার। গতকাল বিক্রি হয়েছে ঈদযাত্রার ২৭ মার্চের টিকিট। রেলওয়ে কর্র্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে। অগ্রিম টিকিট পেতে গতকাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সারা দেশ থেকে রেলের ই-টিকেটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ১ কোটি ৫০ লাখ হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে।
রেলের তথ্যমতে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে ২৭ মার্চ ট্রেনে যাতায়াতের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসন সংখ্যা ৩৩ হাজার ১৯৯টি। সারা দেশে এ আসন ১ লাখ ৭৩ হাজার ২৭৯টি। গতকাল সকাল সোয়া ৮টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ৭ হাজার ৯৫৭টি এবং সারা দেশের ১০ হাজার ৫৩৯টি টিকিট বিক্রি হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে যাত্রার ১৩ হাজার ৩৫৩ এবং সারা দেশের ১৭ হাজার ৪৮১টি টিকিট বিক্রি হয়।
এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট বিক্রি করা হবে অনলাইনে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড (ফেরত) করার সুযোগ থাকছে না।