ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দিয়েছে আদালত। তাদের আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন একই আদালত। তাদের বিদেশ গমন বাতিল চেয়ে আবেদন করে দুদক।
দুদকের সেই আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, অভিযোগসংশ্লিষ্টরা দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশ গমন বাতিল করা প্রয়োজন। চিকিৎসা ও ওমরা হজ পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও তার মেয়ে জেরীন করিম। সেই আবেদনের শুনানি শেষে ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতি দেন আদালত।
এর আগে জাতীয় পার্টি এক অংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্জুর এবং সাবেক মন্ত্রী এইচ বি ইকবালের বিদেশ যাওয়ার অনুমতি দেন একই আদালত। উল্লেখ্য, বিচারকের সহপাঠী আইনজীবীগণ এই দেশত্যাগের অনুমতি শুনানি করলে অনুমতি মিলছে বলে আদালত অঙ্গনে গুঞ্জন চলছে।