রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

বকেয়া বেতন আগামী রবিবারের মধ্যে পরিশোধের আশ্বাসে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে। গতকাল সোমবার সকালে রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণা প্রদান করা হয়।

এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন আগামী রবিবার এর মধ্যে পরিশোধের আশ্বাস প্রদান করেন।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এ উপলক্ষে ব্রিফিংকালে তিনি বলেন, ইন্টিগ্রেটিড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস) সংক্রান্ত জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিল। সে সমস্যা সমাধানে অর্থবিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তা ছাড়া, আগামী এপ্রিল মাস থেকে তাদের বেতন প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলে জানান তিনি। তার এ আশ্বাসের প্রেক্ষিতে টিএলআর শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে রবিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়।

ব্রিফিংকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিএলআর শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।