বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন শুরুর দ্বিতীয় ম্যাচেও হেরে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি নিউজিল্যান্ড জিতেছে ৫ উইকেট আর ১১ বল হাতে রেখে। এই জয়ে তারা পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হওয়া পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছে ১৩৫ রান। সেটিও বৃষ্টির কারণে নেমে আসা ১৫ ওভারের ম্যাচে। পাকিস্তানের উন্নতি বলতে স্রেফ এটুকুই।
ডানেডিনে আজ মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ১৯ রানেই বিদায় জন দুই ওপেনার হাসান নওয়াজ (০) ও মোহাম্মদ হারিস (১১)। অধিনায়ক সালমান আগার ২৮ বলে ৪৬, শাদাব খানের ১৪ বলে ২৬ রানের ইনিংসেই মূলত ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, জিমি নিশাম আর ইশ সোধি ২টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়ায় প্রথম ওভারে কোনো রানই নিতে পারেনি নিউজিল্যান্ড। কিন্তু পরের ১২ বলে তারা ছক্কা মেরছে ৭টি! টিম সাইফার্ট ও ফিন অ্যালেন মিলে রীতিমতো তাণ্ডব শুরু করেন। দুজনে গড়েন ২৯ বলে ৬৬ রানের ওপেনিং জুটি। সাইফার্ট ২২ বলে ৪৫ আর অ্যালেন করেস ১৬ বরে ৩৮ রান। দুজনেই ছক্কা মারেন ৫টি করে।
দুজনের এমন ঝোড়ো শুরুর পর হেসেখেলেই রান তাড়া করেছে নিউজিল্যান্ড। কয়েকটি উইকেট পড়লেও তা জয়েন পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আগামী শুক্রবার অকল্যান্ডে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।