ডেমরায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওবায়দুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে লাবিব (১৪) গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ডেমরা মীরপাড়া সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

মুমূর্ষু অবস্থায় ওবায়দুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত লাবিবকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।  

নিহত ওবায়দুল ইসলামের ভাই আতিকুল ইসলাম মুন্সি জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ী দক্ষিণ মাতুয়াইল মুন্সিবাড়ি এলাকায়। ওবায়দুল পেশায় ব্যবসায়ী ছিলেন। লাবিব মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  

ঢামেকে নিয়ে আসা পথচারী মো. জীবন বলেন, ‘সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওবায়দুল। এ সময় অসিম পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওবায়দুল ও তার ছেলে। ঘটনার পর স্থানীয়রা দুজনকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ওবায়দুলকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত লাবিবকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।  

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট বাসটি জব্দ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।