মাদারীপুরে মসজিদে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম তাজুল হাওলাদার (১৯)। পেশায় ভ্যানচালক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার খোয়েজপুর টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে তাজুল। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
তাজুলের দুই ভাই রাজু হাওলাদার ও গোলাম রাব্বি হাওলাদার জানান, ৮ মার্চ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন তাজুল। তখন অস্ত্রধারী সন্ত্রাসীরা কয়েকজনকে ধাওয়া দিলে ভয়ে তাজুলও মসজিদের ভিতরে ঢুকে পড়েন। মসজিদ থেকে বের হয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন তাজুল। সাঁতরে অপর পাড়ে ওঠার পর তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ওইদিনই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে।
তারা আরও জানায়, বাসায় ফের শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আজ ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম দেশ রূপান্তরকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।