তুলসি গ্যাবার্ডের বক্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ও হত্যা এবং ধর্মীয় চরমপন্থার উত্থান নিয়ে যে মন্তব্য করেছেন, সেটিকে গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তুলসি গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা  বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া (তুলসি গ্যাবার্ডের বক্তব্যের) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান সেটাই। উনার (তুলসি গ্যাবার্ড) বক্তব্য গুরুতর।

এর আগে সোমবার নয়াদিল্লিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রচারিত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় তার দেশ উদ্বিগ্ন। 

ওই রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ডের বক্তব্যে গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করে। বিবৃতিতে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধানের বক্তব্য বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। বাংলাদেশ চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।