হবিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে দুদিন কাটামোর পর মঙ্গলবার রাতে ঢাকায় এসে জাতীয় দলের সংগে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। রাত ১০ টার দিকে সিলেট থেকে বিমানে ঢাকায় নেমে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় দলের আবাসস্থলে পৌঁছান ২৭ বছর বয়সী তারকা।
হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ কয়েকজন কর্মকর্তা হামজাকে অভ্যর্থনা জানান। পরে কোচ হাভিয়ের কাবরেরার সংগে কথা বলতে দেখা গেছে তাকে।
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের শিলংয়ে উদ্দেশে রওনা হবে। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে ঘোষণা হতে পারে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। এছাড়া সন্ধায় কিংস অ্যারেনাতে অনুশীলন সেশনেও থাকার কথা রয়েছে হামজার।
এদিকে জানা গেছে, ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে প্রাথমিক দলে ডেকেও বাদ দেয়ার বিষয় নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে বুধবার কথা বলবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদ। রাতে তার ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছেন তিনি নিজেই।