ভারতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ভারতে হলি উৎসবে মসজিদ পর্দা দিয়ে ঢেকে দেওয়া, কুকি-চিন নারীদের ধর্ষণ, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন ইস্যুতে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত নিজেই তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। তারা মুসলমানদের রক্ত দিয়ে হলি উৎসব করে। এমনকি তারা হলি করতে গিয়ে মসজিদকে পর্দা দিয়ে ঢেকে দেয়। তাদের রঙ মাখানোতে বাধা দেওয়ায় মুসলমানদের ওপর হামলা করে। তারা উগ্রবাদীদের লালন করে আমাদের অসাম্প্রদায়িক হওয়ার জ্ঞান দেয়। আমরা বলতে চাই, ভারত বা বাংলাদেশের অনেকেই বলে এ দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আপনারা বলতে পারবেন কোথায় অন্য ধর্মাবলম্বীদের জোর করে কিছু করানো হয়? রাস্তাঘাটে তাদের হেনস্তা করা হয় বলতে পারবেন? যারা এসব বলে তারা বাংলাদেশকে বিশ্বের কাছে অপদস্থ করতে চান।