বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে দগ্ধ রোগীর মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  

তিনি জানান, গত ৬ মার্চ শ্বাসনালী দগ্ধ হয়ে পলাশ বিশ্বাস ইনস্টিটিউটে ভর্তি হন। প্রথমে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১৭ মার্চ তাকে ৬ষ্ঠ তলার এইচডিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি একাই জরুরি বহির্গমন দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে যান এবং সেখান থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ডা. শাওন আরও জানান, গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং প্লান্টে কাজ করার সময় অগ্নিকাণ্ডে পলাশের শ্বাসনালী দগ্ধ হয়। ভর্তি হওয়ার পর ১১ দিন আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয় এবং তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন। আজ তার মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ছিল।  

মৃত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস জানান, তাদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামে। তবে পলাশ গাজীপুরের টঙ্গীতে বসবাস করতেন এবং ওয়াশিং প্লান্টে কাজ করতেন। গত ৬ মার্চ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার পর তাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে তিনি ভাইকে বেডে রেখে বাইরে যান। এরপর ভোরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পলাশকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজির পর জানানো হয়, তিনি হাসপাতাল ভবনের ভেতরে পড়ে আছেন। সেখানে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পান তিনি।  

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রোগী ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তবে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।