বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় উভয় দেশ। আজ বুধবার (১৯মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এইচ ই ম্যানসুর চাভোশি এ বিষয়ে সম্মত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্র সচিব দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত চাভোশি ব্যবসা, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
দুই পক্ষই চলমান বিভিন্ন ইস্যুর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার ওপর জোর দেন। এ ছাড়া বাণিজ্য প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত চাভোশি আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত তেহরানে অনুষ্ঠিতব্য ‘ইরান এক্সপো ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র সচিবও আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ ইরানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উপস্থিতি নিশ্চিত করতে রাষ্ট্রদূতের সহযোগিতা চান।
বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ যৌথ অর্থনৈতিক কমিশন ও পররাষ্ট্র দপ্তরের পরামর্শমূলক বৈঠকের পরবর্তী রাউন্ড দ্রুত আয়োজনের ব্যাপারে একমত হন।