বিরামপুর

ভিজিএফ চাল বিতরণকালে সন্ত্রাসী হামলায় সমবায় অফিসার আহত

দিনাজপুরের বিরামপুরে ভিজিএফ চাল বিতরণকালে সন্ত্রাসীদের হামলায় সরকারি দায়িত্বরত ট্যাগ অফিসার আহত হয়েছেন।  বুধবার (১৯ মার্চ) দুপুর ২ টায় উপজেলার দিওড় ইউপি অফিসে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত অফিসারের নাম মো. রাকিবুল হাসান।

জানা যায়, ভিজিএফ চাল বিতরণকালে কয়েকজন সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় সমবায় অফিসার বাধা দেন। বাধা দিলে দিওড় শিয়ালা গ্রামের হারুনের ছেলে আকাশ (২৭) হাতে থাকা ধারালো চাকু দিয়ে অফিসারের মাথায় আঘাত করে। আহত অবস্থায় অফিসার রাকিবুলকে হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। তার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

 বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, হামলাকারী ও সহযোগিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সরকারি কর্মকর্তাকে হামলা ও সরকারি কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।