২১ আগস্ট মামলা

খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় হাইকোর্টে আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি গতকাল বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ছিল।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, চলতি সপ্তাহে  হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। গত মঙ্গলবার এটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। তিনি বলেন, আগামীকাল (আজ) থেকে সুপ্রিম কোর্টের অবকাশ (২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অবকাশ) শুরু হচ্ছে। অবকাশের পর শুনানির জন্য উপস্থাপন করা হবে।’ 

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির ২৪ জন নেতাকর্মী মারা যান। আওয়ামী লীগ সভাপতি ও তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ তিন শতাধিকের বেশি নেতাকর্মী আহত হন। এ মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ রায় দেয়। রায়ে হত্যা ও বিস্ফোরক আইনে বিএনপি- জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদন্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমান, বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।

গত ১ ডিসেম্বর ২১ আগস্ট মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন), আপিল, জেল আপিল ও অন্যান্য আবেদনের ওপর শুনানি শেষে রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। অধস্তন আদালতে ছয় বছর আগে দেওয়া রায় বাতিল করে হাইকোর্ট। ফলে অধস্তন আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৯ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৯ জনের সবাই খালাস পান।