ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার মাধ্যমে ৭ হাজার ১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন একটি দল গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন আইএফআইসি ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারভেজ চৌধুরী ও শাহ মো. মঈন উদ্দিন, করপোরেট শাখার ব্যবস্থাপক মো. ওয়াসিম আলম এবং প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে গতকাল চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বৃহস্পতিবার আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।