ভারতের পথে বাংলাদেশ দল, হামজাকে ঘিরেই উচ্ছ্বাস

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালটা ছিল একটু ব্যস্ত। দেশের ফুটবলে সাম্প্রতিক উচ্ছ্বাসের ছোঁয়া মিলল বিমানবন্দরেও। সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় দল রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা, সেখান থেকে শিলংয়ে পৌঁছাবে দল।

এদিনও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে উড়ে আসা এই ফুটবলারকে নিয়ে কথা বলতে হলো দলের অন্য সদস্যদেরও। 

সোহেল রানা জানালেন, হামজা খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন, ‘মনে হচ্ছে সে অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’

ডিফেন্ডার তপু বর্মনও হামজার অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন, ‘গতকাল সে আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অনুশীলনে অংশ নিয়েছে। এটা আমাদের জন্য ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। সব মিলিয়ে ইতিবাচক ব্যাপার।’

উড়াল দেওয়ার আগে তপু জানিয়ে গেলেন দলের নতুন মানসিকতার কথা, ‘এবার আমাদের প্রস্তুতি, মানসিক সক্ষমতা ও চিন্তাধারা একদম আলাদা। আমরা উইনিং মেন্টালিটি নিয়েই মাঠে নামব।’