ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট

সুখী দেশের তালিকায় প্রতিবেশীদের চেয়ে পেছনে বাংলাদেশ 

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমে গেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। এর আগে, ২০২৪ সালে বাংলাদেশ ১২৯তম এবং ২০২৩ সালে ১১৮তম স্থানে ছিল। প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।  
 
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে জানা গেছে, সুখী দেশের তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের অবস্থান ১০৯তম, মিয়ানমারের অবস্থান ১২৬তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম এবং নেপালের অবস্থান ৯২তম। 

সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা অষ্টমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এরপরই যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, কোস্টারিকা ও নরওয়ে রয়েছে। এ ছাড়া সুখী দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল। এরপরেই আছে লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অষ্ট্রিয়া, ক্যানাডা, স্লোভেনিয়া। 

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আফগানিস্তান তালিকার সর্বনিম্নে অবস্থান করছে। এরপরই রয়েছে সিয়েরা লিওন ও লেবানন।  
 

 
এই প্রতিবেদন তৈরি করতে গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) যৌথভাবে কাজ করেছে। অংশগ্রহণকারী দেশগুলোর মানুষদের আগের তিন বছর (২০২২-২০২৪) তাদের জীবনযাত্রার মান কেমন ছিল, তা মূল্যায়ন করতে বলা হয়েছে। এছাড়া, ছয়টি সূচকের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। সূচকগুলো হলো—মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা এবং দুর্নীতি নিয়ে জনগণের মনোভাব।