টাঙ্গাইলে হাইকোর্টের রায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে আড়াই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করছে টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পলিটেকনিক থেকে মিছিল নিয়ে রাবনা বাইপাস এলাকায় গিয়ে এ অবরোধ করে তারা।

এসময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আড়াই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

জানা যায়, গত মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল।

হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস কার্যক্রম চলছে। এ ছাড়াও চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্জন ঘোষণা করা হয়েছে।