‘অল্প মুখ নাড়াতে পারছি’ স্ট্রোকের পর অ্যাঞ্জেল নূর

এ সময়ের আলোচিত সংগীত শিল্পী এঞ্জেল নূর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বুধবার গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে এঞ্জেল নূর বলেন, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এ কারণেই স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। সবাই আমার জন্য দোয়া করবেন।

এঞ্জেল নূর আরো জানান, ৪-৫ দিন আগে হঠাৎ মধ্যরাতে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এ সময় মুখের বা পাশ (বাম দিক) সেন্সলেস হয়ে যায়।

সবশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এঞ্জেল নূর বলেন, বর্তমানে অল্প অল্প মুখ নাড়াতে পারছি। তবে চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এঞ্জেল নূর সামাজিক যোগাযোগমাধ্যমে কাভার গান করে আলোচনায় আসেন। পরে প্রকাশ করতে থাকেন তার নিজের লেখা গান। তার স্বরচিত বিভিন্ন গান নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তার গান টুইটারে শেয়ার করে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং লিখেছিলেন ‘কী দারুণ গান’!