সুন্দরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দক্ষিণ সীচা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন (৫) ও নাহিদ ইসলামের ছেলে মমিন (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহিদুল ইসলামের বাড়ির প্রায় পাঁচ শ গজ দূরে একটি অরক্ষিত পুকুরপাড়ে তিন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা মাহি নামের অপর এক শিশু বিষয়টি দেখে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুকুরপাড়ে শিশুদের খেলাধুলার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সবাই সতর্ক থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।’