ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনাসভা এবং দোয়া মাহফিলের আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন তার শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে এই দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনাসভা এবং দোয়া মাহফিল আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকরা।
এ বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না।
তিনি বলেন, এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছেন এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনও প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া।
ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনও কোনও ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাধা দিতে পারে। পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানায়। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানায়। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।
প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।