জামালপুরে ১৪শ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে জামালপুর পৌর শহরের ছোটগড় এলাকার জামালপুর -দেওয়ানগঞ্জ সড়কে এ অভিযান চালানো হয়। প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটকরা হলেন, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর বাগবাড়ী এলাকার মো.আব্দুল মালেক খোকন (৪৭), একই উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকার মো.আজিজুর রহমান বাবু (২৪) ও পাটুনিপাড়া এলাকার মো.হাফিজুর রহমান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের জামালপুর -দেওয়ানগঞ্জ সড়কে ড্রাম ট্রাকের ভিতরে ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তায় থাকা ফেনসিডিল ও বিদেশি মদ অন্য ০২টি ট্রাকে তোলার সময় সেখানে অভিযান চালায়। এ সময় ১৪শ ৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশি মদসহ তিনটি ট্রাক জব্দ করা হয়। সেই সাথে তিনজনকে আটক করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, ‘মাদকের চালানটি কোথায় থেকে নিয়ে আসা হয়েছে ও কোথায় নেয়া হচ্ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’