সাবেক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতা, সাবেক আমলা, এনজিও কর্মীদের নিয়ে গড়া নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করল ‘জনতার দল’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান হলো ‘ইনসাফ জিন্দাবাদ’।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, দলটি মধ্যমপন্থি অবস্থান থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করবে। তিনি জানান, এই দলে সৎ ও নিষ্ঠাবান মানুষেরই স্থান হবে, দুর্নীতি ও অসততার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তারা। দলীয় কার্যক্রমের বাইরে কেউ দুর্নীতিতে জড়ালে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।
শামীম কামাল বলেন, জনতার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়। তিনি উল্লেখ করেন, ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে তারা স্বচ্ছ রাজনীতি করতে চান। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে বের করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও লাগে না। আমরা সৎ, সাহসী, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষ নিয়ে এগিয়ে যেতে চাই।’
তিনি মনে করেন, নেতৃত্বের ব্যর্থতার কারণেই জাতির অনেক সম্ভাবনা অপূর্ণ থেকে গেছে। তিনি আরও বলেন, ‘একাত্তরের স্বাধীনতার পর মাত্র ৩০ দিন জনগণ দেশের মালিক ছিল। আমাদের মগজে গেড়ে বসা অনৈতিক শিক্ষাগুলো ঝেড়ে ফেলতে হবে।’